মনোহরদী সরকারি কলেজ পরিচিতিঃ-
মনোহরদী সরকারি কলেজ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান- যা অত্র অঞ্চলের মাদার কলেজ হিসাবেও পরিচিত।
স্থানীয় একঝাঁক শিক্ষানুরাগী ও দূরদর্শী চিন্তাশীল মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৮ সালে এ কলেজের শুভ সূচনা হয়।
জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া ও সমাজে প্রগতির পথ উন্মোচনের মহান লক্ষ্য নিয়ে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি অচিরেই এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে ওঠে।
১৯৭২ সালের ২৮ আগস্ট কলেজটি সরকারের স্বীকৃতি লাভ করে এবং ১৯৮০ সালের ১ জানুয়ারি এমপিওভুক্ত হয়।
পরবর্তীতে ধাপে ধাপে একাডেমিক ও অবকাঠামোগত বিকাশের মধ্য দিয়ে ২০১৮ সালে এটি পূর্ণাঙ্গ সরকারি কলেজে রূপান্তরিত হয়- যা মনোহরদীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব রূপ।
# একাডেমিক কাঠামো
বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পর্যায়ে মোট ২০টি বিষয়ে,
স্নাতক (পাস) কোর্সে বিজ্ঞান ও মানবিক সমাজবিজ্ঞান শাখায় ১৫টি বিষয়ে এবং
স্নাতক (সম্মান) শ্রেণিতে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।
# ক্যাম্পাস ও পরিকাঠামো
৪.৮ একর জমির উপর স্থাপিত কলেজ ক্যাম্পাসটি গাছপালা ও খোলা জায়গায় ভরপুর, যা শিক্ষার্থীদের জন্য এক মনোরম ও প্রশান্ত পাঠ-পরিবেশ গড়ে তুলেছে।
প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, বিজ্ঞান ভবন, অনার্স ভবন, গ্রন্থাগার, আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, মসজিদ ও খেলার মাঠসহ প্রয়োজনীয় অবকাঠামো ক্রমান্বয়ে গড়ে উঠেছে।
# শিক্ষক ও শিক্ষার্থী
বর্তমানে প্রায় ৩০০০ শিক্ষার্থী কলেজটিতে অধ্যয়নরত।
দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের অনুপ্রেরণায় শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
# সহশিক্ষা কার্যক্রম
বর্তমানে শুধু পাঠ্যক্রমে নয়, বরং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে কলেজে সহশিক্ষা কার্যক্রমেও অধিক উৎসাহিত করা হচ্ছে , যার মধ্যে থাকছে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, আবৃত্তি রচনা এবং গ্রাপিথি অংকন, রোভার স্কাউট ও প্রতিটি জাতীয় দিবস পালন।
# ভবিষ্যৎ পরিকল্পনা
কলেজ কর্তৃপক্ষের ভবিষ্যতে আরও বিষয়ভিত্তিক অনার্স ও মাস্টার্স কোর্স চালুর ভাবনা রয়েছে ।ডিজিটাল ক্লাসরুম, ওয়াই-ফাই জোন, অনলাইন ফলাফল ব্যবস্থা, শিক্ষক উন্নয়ন কর্মশালা ও ক্যারিয়ার কাউন্সেলিং কেন্দ্র এবং বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনাও চলমান।
# আমরা গর্বিত
মনোহরদী সরকারি কলেজের বহু প্রাক্তন শিক্ষার্থী আজ দেশে এবং দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত - সরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, ব্যাংকার ও সমাজসেবক হিসেবে তাঁদের অবদান আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।
তথ্য উপস্থাপনঃ- সাকেরা নাছরিন, সহকারী অধ্যাপক, মনোহরদী সরকারি কলেজ।
